হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি তৈয়বসহ সংগঠনটির কয়েকজন নেতার সঙ্গে গতকাল রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ চট্টগ্রাম-১১ আসন থেকে বিজয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বৈঠক করেছেন।
কেউ কেউ বলছেন, হেফাজতের সঙ্গে বিরোধ কমিয়ে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। গতকালের বৈঠক সেই উদ্যোগেরই অংশ। তবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ প্রসঙ্গে গতকাল ইত্তেফাককে বলেছেন, ‘হেফাজতের সঙ্গে আলাপ-আলোচনার বিষয়ে আমার জানা নেই। আমাদের দলের কেউ কোথাও আলাপ করছেন কিনা, এ ব্যাপারে আমি অবগত নই।’
জানা গেছে, দুপুর আড়াইটা থেকে বিকেল প্রায় চারটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে হেফাজতে ইসলামের একাধিক কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের ১০ থেকে ১২ জন নেতা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে শামসুল হক চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘হেফাজতের কয়েকজনের সঙ্গে বসেছিলাম। হুজুররা চট্টগ্রাম থেকে এসেছেন। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর। দেখি কতদূর এগোনো যায়।’
এদিকে, হেফাজতে ইসলামের নীতিনির্ধারকদের কেউ কেউ আগামী সংসদ নির্বাচনে আগ্রহী হয়ে ওঠায় তাদের সঙ্গে সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দূরত্ব দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে গত শনিবার গঠিত হেফাজতের কেন্দ্রীয় সূরা কমিটি ও নির্বাহী কমিটি থেকে বাদ দেয়া হয়েছে সংগঠনের দুই যুগ্ম-মহাসচিব মঈনুদ্দিন রুহী ও মুফতি ফয়জুল্লাহকে। তাদের একজন হাটহাজারী ও অন্যজন রাঙ্গুনিয়া থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
