যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কতিপয় রাজনৈতিক নেতার মুখের বিষে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে লোক দেখানো সংলাপ করে কোন লাভ হবে না। সংলাপের অতীত ইতিহাস ভাল নয়। সোমবার দুপুরে ফেনী সরকারি কলেজে চারটি বিষয়ে মাস্টার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাধানের জন্য সংলাপ অপরিহার্য। তবে শর্ত দিয়ে কোন সংলাপ হবে না, এর জন্য উদ্দেশ্য সত্ থাকতে হবে। মহত্ হতে হবে। আমরা ওয়ান সাইড নির্বাচন করতে চাই না। নিবন্ধনকৃত সকল দলের অংশগ্রহণ আশা করছি।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উত্পল কান্তি বৈদ্যের সভাপতিত্বে ছাত্র-ছাত্রী, অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
