সরকার সাড়া না দেয়ায় জাতিসংঘের উদ্যোগ সফল হয়নি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সাড়া না দেয়ায় জাতিসংঘ মহাসচিবের নেয়া সংলাপের উদ্যোগ সফল হয়নি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির ২ জন করে প্রতিনিধিকে অধিবেশন চলাকালে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপির কোন প্রতিনিধিকে জাতিসংঘের সাধারণ পরিষদে আমন্ত্রণ জানানো হয়নি বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন ব্যবস্থা নিয়ে যথাযথ উদ্যোগ নিতে না পারলে দেশে যে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে এর জন্য সরকারই দায়ী থাকবে। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করবো তিনি সেখানে চলমান রাজনৈতিক সংকটে তার মতামত জানাবেন এবং সংকট নিরসনে উদ্যোগ নিবেন। আমরা এও আশা করবো, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী অমীমাংসিত বিষয় সমাধানে জোর দিবেন।