ইবিতে চাকরির দাবিতে ট্রেজারারকে অবরুদ্ধ করলো ছাত্রলীগ কর্মীরা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে তার নিজের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের পদ বঞ্চিত চাকরি প্রার্থী জাপান, হিটলার, লেলিন, কাশেম, টিটু ও মিজুর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীসহ প্রায় ২০/২৫ জন গতকাল বেলা ১১টার দিকে চাকরির দাবি তুলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি (ট্রেজারার) প্রফেসর ড. আফজাল হোসেনের কক্ষে যায়। এসময় তারা কথা কাটা-কাটির এক পর্যায়ে ট্রেজারারকে তার রুমে তালা লাগিয়ে আটকে রাখে। সেই সাথে তারা প্রশাসন ভবনের সকল অফিস থেকে কর্মকর্তা, কর্মচারীদের বের করে দিলে কর্মকর্তারা দ্রুত সকল অফিসে তালা দিয়ে চলে যান। এসময় চাকরি প্রত্যাশীরা কিছু রুমে ভাংচুর চালায়। পরে ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসে এসে চাকরি প্রত্যাশীদের সাথে নিয়ে ট্রেজারারের সাথে সাক্ষাত্ করেন। ট্রেজারার বলেন, ক্যাম্পাসে ভিসি ও প্রো-ভিসি আসলে চাকরির ব্যাপারে কথা বলা যাবে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা চলে যায়। গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা ভারপ্রাপ্ত ভিসির সাথে সাক্ষাত্ করে অবৈধ গণনিয়োগ বন্ধ ও শিক্ষকদের উপর হামলার বিচারের বিষয়ে কথা বলেন। এদিকে ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খান বলেন, “প্রশাসনে তালা লাগানোর ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়”। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম বলেন, ‘চাকরি দেয়া বা নেয়ার একটি নির্দিষ্ট পন্থা আছে। অফিসে তালা দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।