বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ভিসি এখনও অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৮
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী গত ছয় দিন থেকে তার কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন, এখন তিনি আর ঘেরাও বা অবরুদ্ধ অবস্থায় নেই। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়াসহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানোর জন্যই তিনি তার কক্ষে অবস্থান করছেন। এদিকে আজ মঙ্গলবার কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভায় পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিষদের মুখপাত্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী না করা পর্যন্ত আন্দোলন চলবে। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় আপাতত কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না বলে উপাচার্য তাদের জানিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ জানান, ইউজিসি অনুমোদিত ৩৩৬ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ২ মাসের বেতন গতকাল সোমবার দেয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকে বেতন-ভাতার কাগজপত্র প্রস্তুত না হওয়ায় আজ মঙ্গলবার ওই বেতন-ভাতা দেয়া হবে। ফলে আমাদের আর আন্দোলনের কর্মসূচি নেই। তবে শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিউল আজম খান জানান, আজ বকেয়া বেতন না দেয়া হলে আবারও তারা উপাচার্যের কার্যালয়ের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করবেন। প্রসঙ্গত, গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ।