কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, বস্তিতে আগুন লুটপাট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৮
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সীমান্তবর্তী ধলই ও পাত্রখলা চা বাগানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এসময় ধলই চা বাগানের ১১ টি ঘরে অগ্নিসংযোগ করে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে ধলই চা বাগানের ফুটবল মাঠ সংলগ্ন শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ফুটবল খেলার মাঠে সৃষ্ট বিরোধের জের ধরে গতকাল সকালে দুই চা বাগানের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শ্রমিকরা লাঠি, দা ও তীর-ধনুক ব্যবহার করে। সংঘর্ষ থামাতে গিয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু আহত হন। আহত সাত জনের মধ্যে সুধা বিজয়কে আশঙ্কাজনক অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ধলই চা বাগানের শ্রমিক বস্তির ১১ টি ঘরে অগ্নিসংযোগ করে লুটপাট চালানো হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, সমস্যা সমাধানে উভয় বাগানের ব্যবস্থাপক, ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক চলছে। তবে রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষে সমঝোতা হয়নি বলে জানা গেছে।