মুক্তিযোদ্ধা-রাজনীতিক ইনামুল হক দানু রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৮
গভীর শ্রদ্ধায় ও রাষ্ট্রীয় মর্যাদায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর দাফন সম্পন্ন হয়েছে। নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে গতকাল সোমবার জোহরের নামাজের পর দানুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে নগরীর বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধা ইনামুল হক দানুকে পুলিশের একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলীয় পতাকা দিয়ে তার কফিন আবৃত করে দেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হোস্টেল সংলগ্ন বায়তুস সালাত মসজিদ কবরস্থানে। সেখানে পিতা-মাতার কবরের পাশে এই মুক্তিযোদ্ধাকে অন্তিম শয়ানে শায়িত করা হয়। জানাজায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন, সিটি মেয়র এম মনজুর আলম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি এমপি, জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম, ?যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, সিপিবি জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. ?আবু হানিফসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী।