জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দাবি করেছেন, গতকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সময় রাজধানীসহ পাঁচটি স্থানে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক নেতা-কর্মীকে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গতকাল রাতে এক বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে। সরকার দেশকে সংঘাত-সংঘর্ষ ও নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিয়ে ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল এবং গতকাল গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি
