মুন্সীগঞ্জে অপহরণ হওয়া স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪০
জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর থেকে অপহরণ হওয়া অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে (১৩) গতকাল সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের জালকুঁড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মহসিন মিয়াকে (২৪) পুলিশ গ্রেফতার করে। মহসিন চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়া কান্দি গ্রামের জুলহাস বেপারীর ছেলে। সদর থানার এস আই রিয়া হোসেন বলেন, সবার সামনে অস্ত্রের মুখে গত শনিবার সকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় মহসিন। পরে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করে। এছাড়া অপহরণকারী মহসিনকে গ্রেফতার করা হয়। অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।