গৌরীপুর পৌর শহরের সতিশা গ্রামে গত শনিবার রাতে আওয়ামী লীগের এক কর্মী তোতা মিয়ার (৪৫) হাত-পা, মুখ বেঁধে পিটিয়ে মুখমণ্ডল ও মাথা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। অর্থাভাবে তার চিকিত্সা বন্ধের পথে। চিকিত্সকরা জানিয়েছেন, উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া প্রয়োজন। তোতা মিয়ার ভাই আব্দুস সাত্তার জানান, প্রতিবেশী মৃত মোহাম্মদ আলীর পুত্র তারা মিয়া (২৮) বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়। ৭/৮ জনের সন্ত্রাসী দল তোতা মিয়ার হাত-পা ও মুখ বেঁধে পিটিয়েছে। তাদের ধারালো অস্ত্র ও হাতুড়ির আঘাতে মুখের বামপাশের দাঁতের চোয়ালসহ সব দাঁত ভেঙ্গে গেছে। মাথা ও কানে মারাত্মকভাবে আঘাত লেগেছে। মৃত ভেবে তারা তাকে ফেলে রেখে যায়। আত্মীয়-স্বজন তোতা মিয়াকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার চিকিত্সার জন্য চাঁদার তুলে ১১ হাজার জোগাড় করলেও তা যথেষ্ট নয়। এঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি।
