যতি বা বিরাম চিহ্নের ব্যবহার যথাস্থানে বিরাম চিহ্ন বসাও
১. রেণু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে গেঁয়ো পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবোতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কী মনে হয় জান
উত্তর : রেণু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনত বাসা থেকে। গেঁয়ো পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবোতাম আমরা। তপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কী মনে হয় জান?
২. দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হয়েছে ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইন প্রণয়ন করা হয় দুর্নীতিরোধ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে স্বাধীন গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুর্নীতি প্রতিরোধের জন্য দলনিরপেক্ষ স্বাধীন ও সক্রিয় দুর্নীতি দমন কমিশন প্রয়োজন
উত্তর : দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়। দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে স্বাধীন গণমাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুর্নীতি প্রতিরোধের জন্য দলনিরপেক্ষ, স্বাধীন ও সক্রিয় দুর্নীতি দমন কমিশন প্রয়োজন।
৩. উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠছে তার পাতার খয়েরি রং সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়ে নি
উত্তর : উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠছে। তার পাতার খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়ে নি।
৪. জ্ঞানতৃষ্ণা তার প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা আবার কোন কোন বে-শরম বলে বাঙালির পয়সার অভাব বটে কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা।
উত্তর : জ্ঞানতৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বে-শরম বলে, ‘‘বাঙালির পয়সার অভাব।’’ বটে? কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা?
৫. কমলাকান্ত জোড়হাত করিয়া বলিল বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না দাড়ি ঘুরাইয়া বলিলেন তামাশার জায়গা এ নয় হলফ পড় কমলাকান্ত বলিল পড়াও না বাপু
উত্তর : কমলাকান্ত জোড়হাত করিয়া বলিল, ‘‘বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর ভিতর পুরিলে?’’ চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, ‘‘তামাশার জায়গা এ নয় — হলফ পড়।’’ কমলাকান্ত বলিল, ‘‘পড়াও না বাপু!’’
৬. রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয় রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত যৌবন-সূর্য যেথায় অস্তমিত দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি
উত্তর : রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। যৌবন-সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।
৭. এবার হৈম ইশারার মানে বুঝিল স্বর আরো দৃঢ় করিয়া বলিল বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না মা গলা চড়াইয়া বলিলেন তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস হৈম বলিল আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না
উত্তর : এবার হৈম ইশারার মানে বুঝিল। স্বর আরো দৃঢ় করিয়া বলিল, ‘‘বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না।’’ মা গলা চড়াইয়া বলিলেন, ‘‘তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস?’’ হৈম বলিল, ‘‘আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না।’’
