‘প্রতি জাতির পিতা’ একখানি সংকলিত চিঠির গ্রন্থ। গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে লেখা ৭১টি চিঠি সংকলন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৃত্তান্ত ৭১’ দেশব্যাপী আয়োজন করে চিঠি উত্সব। এই চিঠি উত্সবে অংশ নেয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইবোনেরা।
বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর সংগ্রাম ও আন্দোলনের ফসল সোনার বাংলাদেশ। বিগত দিনগুলোয় শিশু-কিশোর ভাইবোনেরা তার আত্মত্যাগের কাহিনী সঠিকভাবে জানতে পারেনি। তবুও অংশগ্রহণকারী শিক্ষার্থী ভাইবোনেরা অসীম শ্রদ্ধায় পিতাকে চিঠি লিখেছে মনের মাধুরী মিশিয়ে। তাদের প্রতিটি চিঠিতে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা ঘটনা। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এ ধরনের বইয়ের আগে প্রকাশিত হয়নি। বইটির শুরুতে রয়েছে ‘বৃত্তান্ত ৭১’-এর নির্বাহী পরিচালক মুহাম্মদ তানভীরের ভূমিকা। ভূমিকাটিতে তিনি লিখেছেন: কত যুগ ছিলাম অন্ধকারে, কতকাল ছিলাম শেকলে বাঁধা। এই বন্দিদশা থেকে মুক্তি দিতে মহাকালের এক পুণ্যলগ্নে আমাদের ত্রাণকর্তা হয়ে যাঁর আবির্ভাব, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংকলিত চিঠিগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নবম শ্রেণির বোন আনিকা তাহসিন লিখেছে: পিতা, আমরা শিশুরাই এই দেশকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবো। এটাই আমার আশা।
আলোচ্য গ্রন্থটির কাগজ উন্নতমানের। ছাপা ও প্রচ্ছদ অপূর্ব। তবে এ ধরনের বইয়ে অবশ্যই জাতির পিতার বেশ কিছু ছবি সংযোজন করা উচিত ছিলো। ‘প্রতি জাতির পিতা’ গ্রন্থটি ছোট-বড় সকলের কাছে সমাদৃত হবে।
রোকসানা ফেরদৌস
