নৈরাজ্যে শুরু ঈদে বাসের আগাম টিকিট বিক্রি

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪১

আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর বাস কাউন্টারগুলোতে গতকাল শুক্রবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হত্য়েছে। নগরীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী ও আসাদগেট এলাকার বিভিন্ন কাউন্টারে দেয়া হচ্ছে টিকিট। প্রথম দিনে কিছু বাস ছাড়া অধিকাংশ কাউন্টারে খুব একটা ভিড় চোখে পড়েনি। তবে কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়া নিয়ে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। শেষ হয়ে গেছে ৩ জুনের সব টিকিট।

যাত্রীরা অভিযোগ করেন, বিআরটিএ নতুন করে ভাড়া নির্ধারণ না করলেও প্রতিটা কাউন্টারে টিকেট বিক্রি হচ্ছে গড়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে। কালোবাজারিদের কাছে টিকিট বিক্রির কারণে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকেট পাচ্ছেন না। আবার লাইনের প্রথমদিকে থেকেও কেউ কেউ টিকেট পাচ্ছেন শেষের দিকের সারিতে। এসি বাসের টিকিট ছিল সোনার হরিণ। তবে পরিবহন মালিকরা জানিয়েছেন, বিআরটিএর নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া রাখা হচ্ছে।

বাস মালিকরা জানিয়েছেন, ৩১ মে থেকে ৬ জুন। ৩০ মে রাতের ও ৩ জুনের টিকিটের চাহিদা বেশি। কল্যাণপুরে শ্যামলী পরিবহনের ম্যানেজার আলমগীর কবীর বলেন, সরকারি চাকরিজীবীরা ৩০ মে’র টিকিট বেশি কিনছেন। ৩ তারিখে বেসরকারি চাকরিজীবীদের চাপ বেশি। সবাই ৩০ মে ও ৩ জুনের টিকিট চাইলে দেয়া সম্ভব নয়। যাত্রীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কে যাত্রী আর কে কালোবাজারি তা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয় না।

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, সকাল থেকেই যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদের ৯০ শতাংশ ৩ জুনের টিকিট চাইছে। কোনো কোনো যাত্রী একাধিক টিকিট কিনছেন। 

অন্যদিকে রেলওয়ের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২২ মে থেকে। এবারই প্রথমবারের মতো কমলাপুর রেল স্টেশন ছাড়াও ৪টি স্থানে টিকিট বিক্রি করা হবে। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন  জানিয়েছেন, রেলসেবা অ্যাপসের মাধ্যমে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

এদিকে কালোবাজারি রোধ করে যাত্রীদের ভোগান্তি লাঘবে বাংলাদেশ রেলওয়ের সদ্য চালু করা ‘রেলসেবা অ্যাপ’ নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, অ্যাপটি ঈদের আগাম টিকিট বিক্রির আগে সংশোধন (ঠিক) না হলে যে লক্ষ্যে চালু করা হয়েছে, তা সফল হবে না। ঈদ উপলক্ষে দিনে ২৭ হাজার আগাম টিকেট বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে রেলওয়ে, যার প্রায় ১৪ হাজারই বিক্রি হবে নতুন এই অ্যাপের মাধ্যমে।

বেড়েছে অনলাইনে বাসের টিকেট বিক্রি

প্রতিটি বাস কোম্পানিই এবার কাউন্টারের পাশাপাশি আগাম টিকিট বিক্রিতে অনলাইনের প্রতি জোর দিয়েছে। হানিফ, শ্যামলী, এনা, গ্রিনলাইন, নাবিলসহ বেশিরভাগ কোম্পানি অনলাইনে টিকেট বিক্রি করছে। এর মধ্যে কোনো কোনো কোম্পানি (নাবিল) কাউন্টার তুলে দিয়ে শুধু অনলাইনের মাধ্যমেই বিক্রি করছে টিকেট।