আমার প্রিয় বিদ্যালয়ের নাম নাওয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এলাকার শিক্ষা অনুরাগী ও সমাজসেবী জনাব হকিকুল ইসলাম ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। পঞ্চগড় জেলার সর্বউত্তরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে অবস্থিত এ প্রতিষ্ঠানের প্রায়ই ৪ শত শিক্ষার্থী রয়েছে। ১৪ জন শিক্ষক এবং ৪ জন কর্মচারী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানে রয়েছে একটি পাকা বিল্ডিং ও টিন সেট ক্লাস রুম। পঞ্চগড় জেলা সদর থেকে প্রায়ই ৪০ কিলোমিটার উত্তরে তেঁতুলিয়া উপজেলা থেকে প্রায়ই ১৫ কিলোমিটার দক্ষিণে এশিয়ান হাইওয়ে রোড থেকে ৫ কিলোমিটার সোজা উত্তরে অবস্থিত বিদ্যালয়টি সবুজ -শ্যামলে ঘেরা প্রত্যন্ত গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানের দক্ষ প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। প্রতিদিন সকাল দশটায় সমাবেশ ক্লাসের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪ টায় প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রতি বছর প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বার্ষিক অনুষ্ঠানে মেয়েদের একটি দল এবং ছেলেদের একটি দল আলাদা আলাদা নাটক পরিবেশন করে থাকে। সবচেয়ে মজার বিষয় এ বছর জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা আমাদের প্রতিষ্ঠানে বালিকাদের একটি ফুটবল টিম ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষকরা আমাদের নিজের সন্তানের মত আদর স্নেহ দিয়ে পাঠদান করান। প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় আমরা পরস্পরের মধ্যে বন্ধুত্ব স্থাপন করার সুযোগ পাই। প্রতিষ্ঠান থেকে ১ কিলোমিটার উত্তরে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ অবস্থিত। খেলাধুলা, শি্ক্ষা সফর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পরিচালিত নাওয়াপাড়া বিদ্যালয়টি আমার মাধ্যমিক শিক্ষা জীবনের পরমবন্ধু।
