বান্দরবানে সেনাবাহিনীর প্রশিক্ষণের একটি অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত হয়ে এই বাহিনীর একজন সৈনিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হলুদিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ অঞ্চলে (ফায়ারিং রেঞ্জে) প্রশিক্ষণের সময় নিক্ষেপ করা অবিস্ফোরিত বোমা ফেটে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের নাম জাহেদুল ইসলাম (২৯)। আহতদের মধ্যে ছয়জন হচ্ছেন- মোস্তাফিজ, নিপুন চাকমা, রাজু, হাসান, আরিফ এবং তারিকুল। বাকি পাঁচজনের নাম তাত্ক্ষণিক জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বিজিবি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কয়েকদিনের মধ্যে ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নতুনভাবে প্রশিক্ষণ শুরু হবে। সংরক্ষিত অঞ্চলে সেনাবাহিনীর সদস্যরা ঝোপ-ঝাড়, আগাছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় দুর্ঘটনা ঘটে।
