টেকনাফ মালয়েশিয়াগামী ৩১ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৬টায় দমদমিয়া বিওপি বিজিবি গোপনে সংবাদ পেয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ঐ ৩১ জনকে আটক করে। এদের মধ্যে নরসিংদীর ১৮ জন, নারায়ণগঞ্জের ৪ জন, বগুড়ার ১ জন, যশোরের ৪ জন এবং ঝিনাইদহের ৪ জন রয়েছে।
৪২ ব্যাটালিয়ান বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর সফিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের ভিকটিম হিসাবে থানায় প্রেরণ করা হয়েছে এবং মানব পাচারকারীদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন যাবত্ মানবপাচারকারী চক্র নিরীহ লোকদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা করে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। মালয়েশিয়া যেতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে বহু লোক। কয়েক হাজার লোক মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকার কারাগারে মানবেতর জীবন যাপন করছে।
পাচারকারীচক্র মিয়ানমারসহ দেশের বিভিন্ন জেলার লোকজনকে পাচারের জন্য টেকনাফ উপকূল দিয়ে ট্রলারে করে জাহাজে তুলে দিচ্ছে। পাচারকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাগরিকদের পক্ষ থেকে প্রায়ই দাবি তোলা হলেও প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট তত্পর নয় বলে অভিযোগ রয়েছে। ফলে মানব পাচারও বন্ধ হচ্ছে না।
