কালীগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৯
গাজীপুরের কালীগঞ্জে গত সোমবার নিজ বাড়ি থেকে এক মেধাবী ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অপহূত ছাত্রীর ভাই বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, বড়গাঁও গ্রামের এক কৃষকের মেয়ে ও ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ঐ ছাত্রী (১৭) সোমবার দুপুর ১২ টার দিকে ঘরে বসে টেলিভিশন দেখছিল। এসময় বড়হড়া গ্রামের মোঃ রফিজ উদ্দিনের দুই ছেলে ওবায়দুল (২৮) ও মোঃ জামিল হোসেনের (২৫) নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ঐ ছাত্রীর মুখ বেঁধে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলাম বলেন, আমরা ছাত্রীকে উদ্ধারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছি। এ ঘটনায় জড়িতরা সরকারের উচ্চপর্যায়ের এক নেত্রী ও স্থানীয় এক প্রভাবশালী নেতার আত্মীয় বলে জানা গেছে।