বরিশালে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
নগরীতে ছাত্রদলের কর্মীসভায় দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। সোমবার দুপুরে নগরীর সিএন্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভুঁইয়াকে কোন বক্তব্য দিতে না দেয়ায় কর্মীরা ক্ষুব্ধ হয়ে সভা বর্জনের ঘোষণা দেয়। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে ৩০/৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। গৌরনদী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও এসময় পাল্টা হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। এতে ২০ জন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনার পর তাত্ক্ষণিক ঘোষণা দিয়ে সভা বন্ধ করে দেয়া হয়। হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, নাজমুল হাসান, শাহীন ও হাকিম সিকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টায় গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মোল্লার সভাপতিত্বে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক সাফিন।