স্কুলছাত্রসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৪
মুন্সীগঞ্জে স্কুলছাত্রসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় রশীদপুরে বাসচাপায় আলী আহমদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ছাতক উপজেলার রামপুর গ্রামের আবদুল বশরের ছেলে আলী আহমদ দক্ষিণ সুরমার রশীদপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জ সোমবার সকালে গজারিয়া উপজেলার ভাটেরচরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এ মান্নান পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র আরিফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় তারা বেশকিছু যানবাহন ভাংচুর করে। এতে প্রায় ২০ জন সাধারণ যাত্রী আহত হয় বলে জানা গেছে। তালা (সাতক্ষীরা) তালায় সড়ক দুর্ঘটনায় শেখ মুকাম্মেল হোসেন নামের একব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কুমিরা গ্রামের মৃত বাহার আলীর ছেলে। মুকাম্মেল হোসেন কুমিরা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে বকশিয়া নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। চিকিত্সাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে খুলনা সার্জিক্যালে নিয়ে যাওয়া হলে সোমবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মো. শামীম (২৬) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দুইজন। নিহত শামীম কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে।