শ্যামনগরের চিংড়ি ঘেরে ভাইরাস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
সাতক্ষীরার শ্যামনগরে গতবারের ন্যায় এবারও চিংড়ি ঘেরে ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ উপজেলায় ১৭৪০৭.০ হেক্টর জমিতে ১৩৭০১টি ছোট-বড় ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়। এর মধ্যে অনুমোদনপ্রাপ্ত প্রায় ২৪০টি। প্রতি বছর শ্যামনগর উপজেলা থেকে চিংড়ি বিদেশে রপ্তানি করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। বিগত বছর শতকরা ৯০ ভাগ ঘের ভাইরাস আক্রান্ত হয়। ক্ষতিগ্রস্ত চিংড়ি ঘের মালিক গাবুরা ইউনিয়নের আব্দুল মজিদ, মহতাব ও পদ্মপুকুর ইউনিয়নের আব্দুল আজিজ, আহম্মদ আলী জানান, চিংড়ি পোনা হ্যাচারি মালিকদের মধ্যে প্রতিযোগিতার কারণে অস্বাস্থ্যকর পোনা সরবরাহ করায় সহজেই সেগুলো রোগে আক্রান্ত হয়। ভাইরাস আক্রান্ত পোনা ঘেরে ছাড়ার পর অন্যান্য পোনার মধ্যে তা সংক্রমিত হয়।