শিবিরের হামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৭
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সাধারণ সম্পাদক সাফিউল ইসলামকে (২৭) রবিবার রাতে কুপিয়ে জখম করেছে ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীরা। শাফিউল সদর ইউনিয়নের গৃধারীপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে। সাফিউল বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) চিকিত্সাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, কর্তব্যরত চিকিত্সকদের বরাদ দিয়ে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শেখ সামছুজ্জোহা হিটু। পলাশবাড়ী থানার ওসি নাসিরউদ্দিন মণ্ডল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে সাফিউল ইসলাম মোটর সাইকেলযোগে উপজেলা সদরের কালীবাড়ী-ইদিলপুর সড়কের পাকার মাথা এলাকায় গেলে শিবিরের ৭/৮ জন সশস্ত্র দুর্বৃত্ত সাফিউলের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা সাফিউলকে কুপিয়ে জখম করে। এনিয়ে থানায় এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।