সারদা চিটফান্ড মামলার তদন্তে কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের ‘সুরক্ষা’ প্রত্যাহার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রক্ষাকবচ অনুযায়ী সিবিআই তাকে গ্রেফতার করতে পারতো না।
গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, মামলার প্রয়োজনে রাজীব কুমারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সিবিআই। পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে, আগামী সাত দিনের মধ্যে জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার।
ভারতের আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্ট সরাসরি রাজীব কুমারকে গ্রেফতারের নির্দেশ না দিলেও, আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার দিয়েছে। এর অর্থ রাজীব কুমারকে গ্রেফতারের ক্ষেত্রে সিবিআইয়ের আর কোনো বাধা এখন নেই। রাজীব কুমারের জামিনের সময়সীমা বেঁধে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, তা থেকে স্পষ্ট সিবিআই প্রয়োজনে তাকে গ্রেফতার করতে পারে।
