স্পাইনা বিফিডা শিশুদের জন্য একটি জটিল সমস্যা। এ ধরনের সমস্যার ক্ষেত্রে শিশুর মেরুদণ্ড ঠিকভাবে গঠিত হয় না। মেরুদণ্ডের অস্থিসন্ধির ভেতরে ফাঁকা থেকে যায়। সাধারণত শিশুর জন্মের পর এই ধরনের সমস্যার চিকিত্সা করা হয়। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইজারল্যান্ডে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভেই মেরুদণ্ডের অস্ত্রোপচারের ঘটনা ঘটেছে। এবার যুক্তরাজ্যেও মায়ের গর্ভে অস্ত্রোপচার করা হয়েছে ২৭ সপ্তাহের একটি শিশুর।
যুক্তরাজ্যের কিংস কলেজ হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় সমস্যা পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে মায়ের গর্ভে অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যা দূর করতে পারলে তা শিশুর জন্য অপেক্ষাকৃত ভালো। শেরি শার্প নামের ঐ মায়ের গর্ভে থাকা ছেলে জ্যাকসনের স্পাইনা বিফিডার কথা ধরা পড়ে ২০ সপ্তাহের নিয়মিত চেক আপের সময়। চিকিত্সকরা দেখতে পান শিশুটির মেরুদণ্ড ঠিকমতো গঠিত হচ্ছে না। এরপর প্রায় দুই মাস পরে ২৭ সপ্তাহের সময় করা হয় অস্ত্রোপচার। ওয়েস্ট সাসেক্সের বাসিন্দা শার্প বলেন, সন্তানের এমন জটিল সমস্যার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর যখন শুনি মাতৃগর্ভেই করতে হবে অস্ত্রোপচার তখন খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কোনোভাবেই গর্ভপাত করাতে চাইনি। শেরি শার্প বলেন, আমি আমার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই করতে চেয়েছি। তাকে আমি একটি সুস্থ জীবন দিতে চাই এবং সেখানে কোনো ধরনের ত্রুটি রাখতে চাই না।
চিকিত্সকরা জানিয়েছেন, তারা মাতৃগর্ভ কেটে এর ভেতর থাকা শিশু দুটির মেরুদণ্ডের অস্থিসন্ধির মধ্যে থাকা ফাঁক সেলাই করে দিয়েছেন। তবে এ ধরনের অস্ত্রোপচার যে ঝুঁকিপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না। যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার তথ্য মতে, দেশটিতে প্রতিবছর দুইশর বেশি শিশু স্পাইনা বিফিডা সমস্যা নিয়ে জন্মায়। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, এ ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক শিশুরই স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে নড়াচড়া, চলাফেরায় সমস্যা হয় তাদের। কারও কারও ক্ষেত্রে পক্ষাঘাতেরও কারণ হয় এটি। -বিবিসি
