রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার তারা কর্মবিরতি পালনকালে ৩শ’ ৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের মুখোপাত্র ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানিয়েছেন। তিনি আরও জানান, আজকের বিক্ষোভ সমাবেশে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে। তিনি জানান, উপাচার্য তাদেরকে জানিয়েছেন থোক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এবং মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলেই তাদেরকে স্থায়ী করা হবে এবং বেতন-ভাতা দেয়া হবে। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় আপাতত কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না বলে উপাচার্য তাদেরকে জানিয়েছেন। এদিকে অবশেষে গতকাল দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অনুমোদিত ৩শ’ ৩৬ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদ বোনাসসহ ২ মাসের বেতন-ভাতা পেয়েছেন।
