দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি হিসাবে আবারো ‘সাউথ-সাউথ পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সম্মান বাংলাদেশের মানুষের। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশনের কার্যালয়ে সংস্থার প্রেসিডেন্ট ফ্রান্সিস লরেঞ্জা প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন।
এর আগে ২০১১ সালে সাউথ সাউথ পুরস্কার পানবাংলাদেশের প্রধানমন্ত্রী। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে সাউথ সাউথ পুরস্কার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন পর নিউইয়র্ক সফরের প্রথম দিনে এ পুরস্কার গ্রহণ করলেন।
পুরস্কার গ্রহণ করে শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই পুরস্কার বাংলাদেশের মানুষের জন্যে এক বিরাট সম্মান। তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মহিমান্বিত করতে আমরা সবসময় কাজ করে আসছি। ভবিষ্যতেও করে যাব, কারণ আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে নিবেদিত। তিনি এই সম্মান বাংলাদেশের মানুষের প্রতি উত্সর্গ করেন।
শেখ হাসিনা আরো বলেন, এমডিজি অর্জনের প্রচেষ্টা সফল হয়েছে সর্বসাধারণের সার্বিক সহায়তার কারণে। বাংলাদেশের মানুষের এগিয়ে চলার প্রত্যাশা পূরণে মহাজোট সরকার কাজ করেছে এবং ভবিষ্যতেও সুযোগ পেলে করে যাবে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি ও আমির হোসেন আমু এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাসদ নির্বাহী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিমসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ দেয়ার আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া নৈশভোজে অংশ নেন।
