আজ চট্টগ্রামে ৬০ রুটে ৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
সীতাকুণ্ডে বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা ৪টি গাড়ি পুড়িয়ে দেন এবং শতাধিক গাড়ি ভাংচুর করেন। মহাসড়কে এই যানবাহন ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম থেকে দেশের ৬০টি রুটে আজ বুধবার ভোর ৬টা থেকে ৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি। ধর্মঘট চলাকালে কোন বাস চট্টগ্রাম শহরে প্রবেশ করতে বা এখান থেকে ছেড়ে যেতে পারবে না বলে সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন চৌধুরী ইত্তেফাককে জানান। গতকাল বিকালে তিনি টেলিফোনে বলেন, গত এক বছর ধরে বিভিন্ন অজুহাতে আমাদের অসংখ্য বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। মঙ্গলবারও ৫টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে দেড়-দুইশ’ গাড়ি। প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে ৮ ঘণ্টার জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি জানান জেলা পুলিশ সুপার হাফিজ আখতারের সঙ্গে পরিবহন মালিকদের বেঠকে ধর্মঘটের সময় হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২৪ ঘন্টার ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।