সরকারের ষড়যন্ত্রের ফাঁদে বিএনপি পা দেবে না :মওদুদ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাতে অংশগ্রহণ করে সে জন্য সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। সরকারকে মনে রাখতে হবে তাদের তৈরি ফাঁদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট পা দেবে না। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত রাজনৈতিক সংকট নিরসন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, বার বার সরকার বলছে সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ বহাল রেখে নির্বাচন হলে সরকার দলীয় প্রার্থীরাও উত্সাহ হারিয়ে ফেলবেন। কারণ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। অপরদিকে বর্তমান সরকারের মন্ত্রী ও এমপিরা বলছেন সংবিধানের বাইরে নির্বাচন হবে না। আমি তাদের উদ্দেশে বলতে চাই এই সংবিধানই শেষ সংবিধান নয়। পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) কামরুজ্জামান, হেলেন জেরীন খান প্রমুখ।