রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন না কাদের মোল্লা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমা বা প্রাণভিক্ষা চাইবেন না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করা যাক বা না যাক-এটাই তার সিদ্ধান্ত। কাদের মোল্লার ছেলে হাসান জামিল সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। কারাগারে পরিবারের সদস্যরা সাক্ষাত্ করতে গেলে কাদের মোল্লা তাদের এসব কথা জানান। হাসান জামিল জানান, আত্মীয়-স্বজন ও দলের নেতা-কর্মীদের ক্ষমার অনুরূপ চিন্তা করতেও নিষেধ করেছেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল। হাসান জামিল বলেন, বাবা বলেছেন- নবুওয়াতের পথ বন্ধ হলেও খোলা রয়েছে শাহাদাতের দরজা। আমি শাহাদাত হিসেবেই দেখি এ ধরনের মৃত্যুকে। তাই ভয় পাই না মৃত্যুদণ্ডকে। আসামির অন্যতম আইনজীবী ফরিদ উদ্দিন খান বলেন, কাদের মোল্লার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনের কোনো পরিকল্পনা বা চিন্তা আমাদের নেই। পরিবারের কাছ থেকে এ ধরনের কোনো নির্দেশনা পাইনি এখনো। দণ্ডের বিষয়টি মোকাবিলা করা হবে আইনগতভাবেই।