জামায়াত-শিবিরের ডাকা ৪৮ হত্যার হরতালে বগুড়ার শেরপুরে পেট্রোল বোমার আঘাতে ট্রাক চালক সামছুল হককে হত্যার প্রতিবাদে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এক ঘন্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বগুড়া-ঢাকা মহাসড়কের বেতগাড়ি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় মহাসড়কে বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক সাছুদ্দিন শেখ হেলাল ও আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল। সমাবেশে বক্তারা বলেন, ট্রাক চালক সামছুল হক হত্যার সাথে জড়িত জামায়াত-শিবির কর্মীদের আগামী রবিবারের মধ্যে গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। অবরোধের কারণে মহাসড়কের উভয়পার্শ্বে শত-শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এবং হাজার হাজার যাত্রীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাতে হরতাল চলাকালে বগুড়ার শেরপুরে একটি সার বোঝাই ট্রাকে ভাংচুরের পর পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ ট্রাক চালক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান।
