শুনানি মুলতবির আবেদন প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গতকাল মঙ্গলবার থেকে শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের এই নির্দেশের পরই দুপুর সোয়া ১২ টায় সাঈদীর কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপিলের শুনানি শুরু করেন। এর আগে মুলতবির আবেদনের শুনানিতে সাঈদীর আরেক আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, তাড়াহুড়ো করে বিচার সম্পন্ন করা হলে ন্যায় বিচার লংঘিত হবে। এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি করতে হলে বিরাট প্রস্তুতির প্রয়োজন। এজন্য তিন সপ্তাহ সময় প্রয়োজন। ন্যায় বিচারের স্বার্থে আদালতের উচিত এই সময় মঞ্জুর করা। জবাবে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেন, বিচারকে বিলম্বিত করার জন্য সময়ক্ষেপনের চেষ্টা হচ্ছে। আমরা শুনানির জন্য প্রস্তুত রয়েছি। সময় মঞ্জুর করা উচিত হবে না। উভয় পক্ষের শুনানির পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি মুলতবির আবেদন খারিজ করে দেন।
