গার্মেন্টস খাত ধ্বংসে সরকার নতুন খেলা শুরু করেছে :ফখরুল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পে চলমান অস্থিরতার জন্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে দায়ী করে বলেছেন, অত্যন্ত সুপরি-কল্পিতভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। গার্মেন্টস শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে আজ সংশয় দেখা দিয়েছে। কারণ বর্তমান সরকার চায় না বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। শ্রমিক সমাবেশে নৌ-পরিবহনমন্ত্রীর নেতৃত্বে শ্রমিকদের জোর করে আনা হয়েছে। আর এর পেছনে কাজ করেছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘৭৩ এর ভোট ডাকাতের অধীনে নয়, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, খালেদা ইয়াসমিন, সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেউলিয়া করে নিজেদের লোকদের খুশি করতে আরো নয়টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে একজন মন্ত্রীর মাধ্যমে গার্মেন্টস খাতকে ধবংস করতে নতুন করে খেলা শুরু করেছে। সরকারের মেয়াদ আর মাত্র এক মাস উল্লেখ করে তিনি বলেন, এখনো সময় আছে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন। অন্যথায় আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি রাজপথে তাদের দাবি আদায় করে নেবে।