পড়ালেখা অনেক কষ্টকর। শিক্ষাজীবনে একটা ডিগ্রি অর্জন করতে ২৪ থেকে ৩০ বছর লাগে। কিন্তু এখন আর এতো সময় নষ্ট করে পড়ার প্রয়োজন হবে না! একদিনেই পাবেন ভার্সিটি ডিগ্রি! তাও আবার ভারতের ব্যাঙ্গালোরের মতো বিশ্ববিদ্যালয়ের! এই অসম্ভবকে ‘সম্ভব’ করেছে একদল প্রতারক।
কেবল ব্যাঙ্গালোরেই নয়, এমন সব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়া যাবে যেগুলোর অস্তিত্বই নেই। ফলে কেউ সার্টিফিকেট যাচাইও করতে পারবে না। সার্টিফিকেটগুলো হবে অত্যন্ত নিখুঁত এবং উন্নত মানের। সার্টিফিকেটের মান অনুযায়ী এর মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৬৫ হাজার রুপি পর্যন্ত। তাছাড়া সময় যতো কম, রূপির পরিমাণটাও ততো বেশি। প্রথম শ্রেণীর জন্য আরো একটু বেশি। ভারতের ব্যাঙ্গালোরে অনেক ওয়েবসাইটে এমন সব চটকদারি বিজ্ঞাপন দেয়া হয়েছে। অনেকেই এই সুযোগে এইসব ভুয়া ডিগ্রি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আর এই দুই নাম্বারির দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রতিদিনই বিশটির মতো সার্টিফিকেট যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে। এমনকি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানও ইন্টারনেটের মাধ্যমে তথ্য যাচাই করে যার মধ্যে এক শতাংশ থেকে তিন শতাংশই ভুঁয়া! গত মাসে কানাডিয়ান হাইকমিশন এক দম্পতির সার্টিফিকেটের বিষয়ে তদন্ত করতে আসে। সার্টিফিকেটে রেজিস্ট্রারের স্বাক্ষর নকল করা হয়েছে। বর্তমানে ওই রেজিস্ট্রার অবসরে। নম্বরপত্রগুলো অনেক পুরানো হয়। কার স্বাক্ষর তা বোঝা বড় মুশকিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। কর্মকর্তা জানান, মনোগ্রামগুলো রঙিন ফটোকপির মাধ্যমে কপি করা হয় যা তাত্ক্ষণিকভাবে ধরা কঠিন হয়ে পড়ে। এক কথায় শিক্ষাজীবনের প্রয়োজনীয় এমন কিছু নাই যা এখানে পাওয়া যায় না। - টাইমস অব ইন্ডিয়া।
