নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে হামলাকারীদের মধ্যে আমেরিকার কমবয়সী দুই বা তিনজন এবং ব্রিটেনের একজন নারী রয়েছেন বলে দাবি করেছে কেনিয়া। কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহামেদ গতকাল বলেছেন, এই হামলায় ৬২ জন নিহত হয়েছে। হামলাকারীদের মধ্যে ব্রিটিশ এবং মার্কিন নাগরিক রয়েছে। মার্কিন নাগরিকদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। এরা দু’জন সোমালি কিংবা আরব বংশোদ্ভুত বলে তিনি অনুমান করেন। তিনি বলেন, এ থেকেই প্রমাণ হয় যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনো দেশের একার নয়। এটা এখন আন্তর্জাতিক লড়াইয়ে পরিণত হয়েছে। খবর এবিসি নিউজের।
আমিনা মোহামেদ জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে মার্কিন সমপ্রচার সংস্থা পিবিএসকে দেয়া এক সাক্ষাত্কারে এসব তথ্য দেন। তিনি বলেন, ব্রিটিশ নারী সম্পর্কে যেসব সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তিনি এর আগেও একাধিকবার এই কাজে লিপ্ত হয়েছিলেন। তার নাম সামান্থা লিউথওয়াইট। তার স্বামী জারমেইন লিন্ডসেও একজন সন্ত্রাসী। তিনিও আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন। কেনিয়ার পুলিশের খাতায় এই নারী একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।
উল্লেখ্য, সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-সাহাব এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি হামলা চালানোর পর গর্বভরে এক বিবৃতিতে বলে, ‘শপিং মলের ভেতর অগণিত লাশ ফেলে দিয়েছি’!
