জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল আজ আবারো সিরিয়া যাচ্ছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল আজ বুধবার আবারো সিরিয়ায় যাচ্ছেন। একথা জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ। সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করে দেখবে তদন্ত দল। এর আগেও জাতিসংঘ দল একবার সিরিয়া সফর করে ফিরে গিয়ে প্রতিবেদন দিয়েছে। আগের সফরে তারা সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য বাশার আল আসাদের সরকারকে দায়ি করে প্রতিবেদন দিয়েছিলেন। রিয়াবকভ গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বলেন, জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে সিরিয়ায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। উল্লেখ্য, গত ২১ আগস্ট দামেস্কের নিকটবর্তী দুটি স্থানে রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ আনা হয় আসাদ প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু বাশার প্রশাসন উল্টো দাবি করছে যে, তারা নয় বরং বিদ্রোহীরাই রাসায়নিক হামলা চালিয়েছে। এদিকে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ায় জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালাতে পারে। আর এটি হবে সিরিয়ায় পশ্চিমা বিশ্বের হামলার আরেকটি অজুহাত।