আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করবে না ফিলিস্তিন

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪৭

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি পরিকল্পনাকে ‘একটি আত্মসমর্পণের দলিল’ হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি। তিনি বলেছেন, এই দলিলে ফিলিস্তিন কখনো স্বাক্ষর করবে না। প্রসঙ্গত, শান্তি চুক্তি এখনো প্রকাশ করা হয়নি। আগামী মাসে যুক্তরাষ্ট্রের এটি প্রকাশ করার কথা রয়েছে। যদিও এর আগে ইসরাইলের একটি পত্রিকায় এর বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি’র

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি পরিকল্পনাকে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ (শতাব্দীর সেরা চুক্তি) বলে চিহ্নিত করছেন। কিন্তু আমাদের মতে, এটা কনসেকরেশন অব (প্যালেস্টাইনস) সেঞ্চুরি ওল্ড অরডিল (ফিলিস্তিনিদের উত্সর্গের শতাব্দীর সেরা ভাগ্যপরীক্ষা)। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনের কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিচার পাওয়ার অধিকার থাকবে না। চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এবং চুক্তির কাঠামো তৈরির ক্ষেত্রে মূল স্থপতি জারেদ কুশনার বলেছেন, এই চুক্তিটি সবার মঙ্গলের জন্য ভাল হবে।