নগরীর হাজীপাড়া এলাকায় মফিজ নামে একজনকে হত্যা করতে গিয়ে দুর্বৃত্তরা কিশোর রাজুকে খুন করে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক নারীসহ আটজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো—শিমুল দাশ, তানভীর হোসেন, সুজন, রাকিব হোসেন, নূরনবী, মেহেদি হাসান রুবেল, ওসমান হায়দার কিরণ ও সেলিনা আক্তার। বুধবার ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সিএমপির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সকলেই বয়সে কিশোর ও মাদকাসক্ত। তারা একটি গ্যাংয়ের সদস্য। হাজীপাড়া এলাকার মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি ছাগির হোসেন নামে এক ব্যক্তি তাদের নেতা। গত ২৭ এপ্রিল পুলিশ ছাগিরকে ইয়াবা ও বন্দুকসহ গ্রেফতার করে। তার এই গ্রেফতারের পেছনে ছাগিরের একসময়কার বিশ্বস্ত সহযোগী ও গ্যাংয়ের অন্যতম সদস্য মফিজের হাত ছিল বলে ধারণা করা হয়। এ কারণে বর্তমানে কারাগারে বসেই মফিজকে হত্যার পরিকল্পনা করে ছাগির। এজন্য সে গ্যাংয়ের অন্য সদস্যদের সহায়তা চায়। তার অনুসারীরা বিভিন্ন সময় চট্টগ্রাম কারাগারে গিয়ে ছাগিরের সঙ্গে দেখা করে। ঘটনার আগের দিন অর্থাত্ গত সোমবার পুনরায় জেল গেটে ছাগিরের স্ত্রী সেলিনা আক্তার সেলীসহ শিমুল, শুক্কুর, রাকিব দেখা করে। তাদেরকে দুয়েকদিনের মধ্যেই মফিজকে মেরে ফেলার নির্দেশনা দেয় ছাগির। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার ভোরে ধারালো অস্ত্র নিয়ে নগরীর হাজীপাড়া এলাকায় মফিজের বাসায় যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে বাসা চিনতে না পেরে ভুল করে রাজুর ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে মফিজ মনে করে এলোপাতাড়ি কুপিয়ে রাজুকে হত্যা করে তারা।
