রাজশাহীতে শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪৮

রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার সুমাইয়া আক্তার বর্ষা (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলপাড়া গ্রামে তার কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিলপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে বর্ষা দুপুরে নিজ কক্ষে ঘুমাতে যায়। কিন্তু বিকাল হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন দরজা খুলে বর্ষার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে খবর পেয়ে স্কুল ছাত্রীর বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন ও পুলিশ সুপার শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত দে। মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে নিয়মিত মামলা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রাইভেট পড়ার কথা বলে বর্ষা বাড়ি হতে বের হয়। বিকাল হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন প্রাইভেট সেন্টারে গিয়ে খোঁজ নেয়। ইতোমধ্যে তানোর লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোস্তফা স্কুল শিক্ষার্থীর পিতাকে মোবাইল ফোনে জানান যে, তার মেয়ে মোহনপুর টু কালিগঞ্জগামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পিতা বর্ষাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। চিকিত্সা শেষে বাড়িতে ফিরলেও মেয়েটি বিষণ্নতায় ভুগছিল বলে জানা গেছে। এ ঘটনায় বর্ষার পিতা গত ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে (অপহরণ) ৩ জনকে আসামি করে মামলা করেন। তবে মামলার আসামিরা কেউ এখনো গ্রেফতার হয়নি।