তখনো শেখ জামাল বা মোহামেডানের অনুশীলন শুরু হতে অনেক বাকি। খেলোয়ারড়াও আর কেউ এসে পৌঁছাননি। শুধু শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে দুজন খেলোয়াড় কসরত করে চলেছেন—মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। ভেবে নেয়া যেতে পারে আজ পরস্পরের মুখোমুখি হওয়ার আগে এই বাড়তি অনুশীলনের আগ্রহ মোহামেডান ও শেখ জামাল অধিনায়কের!
আজকের আগ পর্যন্ত সমান তিন ম্যাচ থেকে মোহামেডানের অর্জন ৬ পয়েন্ট এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অর্জন ৪ পয়েন্ট। আজ এই দুই দলের লড়াইকে তাই আপাতত শীর্ষস্থানের লড়াই বলে চিহ্নিত করা যায়। মোহামেডান আজ জিতে গেলে আবার এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে তারা। আর জয়টা মোহামেডানের হলে ছয়টি দল ৬ পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে থাকবে। আজ নিজেদের চতুর্থ ম্যাচে খেলাঘরকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নই চাইবে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দলগুলোর তালিকায় থাকতে।
আর এসব সমীকরণ নিয়েই আজ ঢাকা ও আশপাশের তিনটি ভেন্যুতে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিনের তিন ম্যাচ। মিরপুরে সবচে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও মোহামেডান। ফতুল্লায় খেলাঘরের বিপক্ষে লড়বে ব্রাদার্স। আর শুরুতেই বেশ পিছিয়ে পড়া আবাহনী আজ লড়াইতে ফিরতে চাইবে কলাবাগান অ্যাকাডেমির বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের ভেতর দিয়ে; বিকেএসপির তিন নম্বর মাঠে লড়বে এই দুই দল।
আজকের তিন ম্যাচ হয়ে যাওয়ার পর থেকেই আসলে জৌলুস হারাতে শুরু করবে প্রিমিয়ার লিগ। যদিও পঞ্চম রাউন্ডেও কাগজে-কলমে জাতীয় দলের ক্রিকেটার থাকার কথা। কিন্তু ১ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলনকে সামনে রেখে অনেক তারকাই ২৮ ও ৩০ সেপ্টেম্বরের পঞ্চম রাউন্ডে বিশ্রামে থাকবেন বলেই জানা গেছে।
সেই বিশ্রামের তালিকায় মোহামেডানের বড় একটি নাম আজই যোগ হতে যাচ্ছে। আজ মাঠে না থাকারই কথা তাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ইনজুরি কাটিয়ে প্রথম তিন রাউন্ডে দারুণভাবে দীর্ঘদিন পর খেলায় ফিরে এসেছেন জাতীয় দলের এই তারকা। সর্বশেষ ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন। কিন্তু টানা খেলা তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, এ বিবেচনায় আজ তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্ত।
তারপরও শেখ জামালকে শক্তিশালী মোহামেডান দলেরই মুখোমুখি হতে হবে আজ মিরপুরে। রাজিন সালেহর অধিনায়কত্বে সামসুর রহমান শুভ, মুরাদ খানরা তো থাকছেনই। সঙ্গে দারুণ ফর্মে থাকা তিন বিদেশি তিলকরত্নে দিলশান, উপল থারাঙ্গা ও মোহাম্মদ নবীও আছেন।
এই দলকে সামলানোর জন্য যে ধরনের তারকা খচিত দল দরকার, তাই আছে শেখ জামালের। দেশি তারকাদের তো মেলা আছে দলটায়। সঙ্গে এলটন চিগুম্বুরা, দিলশান মুনাবীরার মতো বিদেশিরাও থাকবেন। তারপরও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হবে সর্বশেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে আবার জয়ের ধারায় ফেরা। সেটা না পারলে শেখ জামালের জন্য হবে দারুণ সমস্যার ব্যাপার। মূলত জাতীয় দলের তারকাদের ওপর ভরসা করে গড়া দলটি পরের রাউন্ড থেকেই শীর্ষ অনেক খেলোয়াড়কে হারাতে থাকবে। সে ক্ষেত্রে এই সময়ে পিছিয়ে পড়লে সেটা সামলানো কঠিনই হবে।
কাগজ-কলমের হিসাব বলে কলাবাগান অ্যাকাডেমির বিপক্ষে আজকের ম্যাচে তেমন ভাবনা-চিন্তা করতে হবে না আবাহনীকে। কিন্তু এই হিসাব দেশের ঐতিহ্যবাহী দলটিকে এখনো খুব স্বস্তি দিতে পারছে না। কারণ, তিন ম্যাচের দুটিতেই হেরেছে এখন পর্যন্ত তারা। আজ নিশ্চয়ই আরেকটি অঘটনের শিকার হতে চাইবে না শাহরিয়ার নাফীসের দল।
খেলাঘরের বিপক্ষে ব্রাদার্সের অঘটনের চিন্তাটাও বেশ অঘটনসুলভ ব্যাপার! প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে হারের পর গত দুই ম্যাচে ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন ব্রাদার্স। ফলে আজো তারা আরেক ধাপ এগিয়ে যাবে, এটা তামিম ইকবালের দল আশা করতেই পারে।
আজকের খেলা
শেখ জামাল-মোহামেডান (মিরপুর)
আবাহনী-কলাবাগান অ্যাকাডেমি (বিকেএসপি-৩)
ব্রাদার্স-খেলাঘর (ফতুল্লা)
* সকল খেলা সকাল ৯টায় শুরু
