আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে সামার ওপেন (র্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবার দলের সংখ্যা কিছুটা বেড়েছে। বিভিন্ন জেলা এবং ক্লাব ওপেন টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
৩৫টি জেলা ও সংস্থা, ১টি শিক্ষা বোর্ডসহ পুরুষ এককে ১৫০ জন, দ্বৈতে ৬৮ জুটি, মহিলা এককে ২৫ জন এবং দ্বৈতে ১২ জুটি লড়াই করবে।
তবে এ প্রতিযোগিতায় খেলতে পারছেন না র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা রইস উদ্দিন এবং তৃতীয় স্থানের শাটলার সাইফ উদ্দিন। দু’জনে হজ্ব ফ্লাইটে দায়িত্ব পালন করছেন। শাটলারদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার।
পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এবারের সামার ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে রক্সি পেইন্টস। সাড়ে চার লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক দিচ্ছে তিন লাখ টাকা। সামার ওপেন ব্যাডমিন্টন উপলক্ষে গতকাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের নিচ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য দেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম জিলানী, ফেডারেশনের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম নান্নু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার সাব্বির হাসান মনোয়ার প্রমুখ কর্মকর্তা।
