সিলেট-আখাউড়া রুটে ডেমু ট্রেন উদ্বোধন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪১
অনেক প্রতিক্ষার পর অবশেষে গতকাল বুধবার সিলেট-আখাউড়া সেকশনে ডেমু ট্রেনের উদ্বোধন করা হয়েছে। কয়েকবার তারিখ পরিবর্তনের পর গতকাল বেলা ১টায় সিলেট-আখাউড়া সেকশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক নতুন এ ট্রেনের উদ্বোধন করেন। সিলেটে ডেমু ট্রেন চালু হওয়ায় সিলেটের অনেকেই সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেছেন, সিলেটের যাত্রীদের যাতায়াত সুবিধা আরো একধাপ বৃদ্ধি পেলো। রেল সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যায় ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাবে আখাউড়ার উদ্দেশ্যে। আবার আখাউড়া থেকে পরদিন সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে ডেমু ট্রেনটি। সূত্র মতে, সিলেট থেকে নিকটবর্তী দূরত্বের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আধুনিক এই কমিউটার ট্রেনটি চালু করা হচ্ছে। সন্ধ্যা ৬টায় ট্রেনটি সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। পরদিন সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেনটি আখাউড়া থেকে ছেড়ে বিকাল ৪টা ২৫ মিনিটে সিলেট পৌঁছবে। ডেমু ট্রেনটি সিলেট-আখাউড়া সেকশনের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে শুক্রবার ট্রেনটি বন্ধ থাকবে। যেসব স্টেশনে আন্তঃনগর ট্রেন থামে না সেসব স্টেশনে যাত্রাবিরতি দেবে নতুন এ ডেমু ট্রেন। সিলেটে ডেমু ট্রেন চালু উপলক্ষে সিলেট রেলস্টেশনে আয়োজিত সভায় বক্তৃতাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, হরতাল রাজনীতির ভাষা নয়, হরতাল সন্ত্রাসী কর্মকাণ্ড। হরতালের নামে জামায়াত-শিবির ট্রেনের বগি ও ইঞ্জিনে আগুন দিয়ে দুঃসাহস দেখিয়েছে। উন্নয়নের জন্য জামায়াত-শিবিরকে রুখতে হবে। হরতাল বন্ধ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।