খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনি বলেছেন, দল-মতের ঊর্ধ্বে থেকে সবসময় নাগরিক সেবার বিষয়গুলোই প্রাধান্য দেয়া হবে। নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবাদান করাই আমাদের পরিষদের প্রধান কাজ। নির্বাচনের পূর্বে নগরীর উন্নয়ন ও নগরবাসীকে সেবাদানের যে অঙ্গীকার করা হয়েছে তা আমরা যথাযথভাবে বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো। নগর ভবনে গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেসিসি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন।
কেসিসির বিদায়ী দায়িত্বপ্রাপ্ত মেয়র আজমল আহমদ তপনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নতুন মেয়রকে নগর ভবনের চাবি উপহার দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির সচিব এম ইদ্রিস সিদ্দিকী। সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ। পরে মেয়র নগর ভবনের সামনে বিএনপির পক্ষ থেকে দেয়া নাগরিক গণসংবর্ধনায় যোগ দেন।
