গত ২৫ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের ৪-এর পাতায় ‘‘এ্যাপোলোতে চিকিত্সায় অবহেলা ক্ষতিপূরণ মামলা করবে রসিক মেয়র” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে এ্যাপোলো হসপিটালস ঢাকা কর্তৃপক্ষ। প্রতিবাদ লিপিতে কর্তৃপক্ষ বলেছে, সংবাদে প্রকাশিত রোগী সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ইনজুরি নিয়ে এ্যাপোলো হসপিটালস ঢাকায় চিকিত্সা নিতে এসেছিলেন। রোগী ভর্তি হওয়ার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইমার্জেন্সি সেবা প্রদান করি ও পরবর্তীতে বিভিন্ন ধাপে তার চিকিত্সার প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি এবং তিনি সুস্থ অবস্থায় আমাদের হাসপাতাল হতে ডিসচার্জ গ্রহণ করেন। ডিসচার্জের সময় তাকে পরবর্তী জীবন মান পরিচালনার জন্য বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং সঠিকভাবে ও নিয়ম মেনে নিয়মিত ওষুধ সেবন করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও পরবর্তী ফলো-আপের পরামর্শ প্রদান করা হয় এবং তিনি পরবর্তীতে ফলো-আপ চিকিত্সাও গ্রহণ করেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন এবং তাকে বাঁচাতে একাধিক সার্জারি ও সার্জারি পরবর্তী চিকিত্সা ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
