চট্টগ্রামে গার্মেন্টস কর্মী ধর্ষণের দায়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
মহানগরীর দুই গার্মেন্টস কর্মী ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তিনজনের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিন আসামী হল পারভেজ, রানা এবং নাছির। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দিয়েছেন। আদালত সূত্র জানায়, ধর্ষিতা দুই তরুণী নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন এবং একই এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন। ২০১১ সালের ২৮ অক্টোবর ও রাতে বাড়িতে ফেরার পথে আসামীরা তাদের ধর্ষণ করে। পরদিন ঘটনার ধর্ষিতাদের একজন বাদী হয়ে চান্দগাঁও থানায় সাতজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ২০১২ সালের ৭ মে আসামীদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। অভিযোগপত্রে উল্লেখিত ১৯ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় ঘোষণা করেন।