বাগেরহাটে ভুয়া মেডিসিন বিশেষজ্ঞের তিন মাসের জেল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
বাগেরহাটে এক ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ চিকিত্সককে তিন মাসের কারাদণ্ড, দুই দন্ত চিকিত্সককে অর্থদণ্ড ও পালিয়ে যাওয়া এক চিকিত্সকের চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে শহরের রেল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর ও রবিউল ইসলাম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের এই দণ্ডাদেশ দেন। ভুয়া মেডিসিন বিশেষজ্ঞ মো. দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৈধ ‘চিকিত্সক সনদ’ ছাড়াই চিকিত্সক সেজে প্রতারণার অভিযোগে ‘মিথিলা ডেন্টাল’-এর স্বত্বাধিকারী জাহিদুর রহমান মিলনকে পঁচিশ হাজার টাকা এবং ‘নিপা ডেন্টাল’-এর স্বত্বাধিকারী আব্দুল হামিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়ায় মাসুদুল হকের ‘মল্লিক ডেন্টাল’ সিলগালা করে দেয়া হয়েছে।