শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী রোকাইয়া রহমান আশা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী গত মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। জানা গেছে, গত ২২ সেপ্টম্বর সকালে শহরের মিরগঞ্জে হাফিজুর রহমান জীবন যৌতুক না পেয়ে রোকাইয়া রহমান আশাকে গলা টিপে হত্যা করে।
তার লাশ শেরপুর জেলা হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের লোকজন গা ঢাকা দেয়। এ ঘটনায় ওই দিন শেরপুর সদর থানায় আশার বড় ভাই হাদী ইমাম আকাশ বাদী হয়ে স্বামী জীবন ও তার মা-বাবাসহ আরো পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।
