চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়া খেলাকে কেন্দ্র করে ককটেল হামলায় মহিলাসহ ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের মালিতাপাড়ার লালনের চা’ দোকানে জুয়া খেলছিলো তোরাব, লালন, বিদ্যুত্সহ কয়েকজন। জুয়া খেলায় তোরাব পরাজিত হয়। এসময় টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বাধে মারামারি। এক পর্যায়ে কাছে থাকা একটি ককটেল বোমা নিক্ষেপ করে তোরাব। এতে ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বোমার স্প্লিন্টারে আহতরা হলো- বেলগাছি মালিতাপাড়ার ইজাল, তার স্ত্রী আম্বিয়া খাতুন, লতিফ, দেলোয়ার, রানা, লোখন, আলী হোসেনের স্ত্রী হুসনা বেগম, তার ছেলে হাসান ও মুনতাজের ছেলে হাসমত। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিত্সক জানিয়েছেন।
