রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির দুই সদস্য সন্ত্রাসীদের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে আধারকোঠা বিলের কাছে দুই ইউপি সদস্য দেবেশ কুমার (৩৫) ও ফয়েজউদ্দিন (৩৮) গল্প করছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের মাথায় পেটে ও বুকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মোনা জানান, দুই ইউপি সদস্য বিলে নিজেদের চাষকৃত মাছ পাহারায় ছিল। ঐ সময় সন্ত্রাসীরা তাদের গুলি করে পালিয়ে যায়। পাংশা থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ভুঁইয়া জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না পাওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
