রংপুরের পীরগঞ্জে একটি সড়কের পাকাকরণের কাজ না করেই ৪০ লাখ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের ঘটনা ফাঁস হয়ে পড়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৮৫৭৬৪০৯৬ নং আইডিভুক্ত চতরাহাট-গাংজোয়ার সড়কের ৯শ’ মিটার সড়ক পাকাকরণের জন্য দাতা সংস্থা আইআরআইডিপি ৪০ লাখ ৩৮ হাজার ৯০১ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দের পর রংপুর এলজিইডি প্যাকেজ নং-৯৩ এ টেন্ডার আহ্বান করলে গত ৩১ জানুয়ারী/১২ইং টেন্ডার দাখিল করা হয়। রংপুরের “খাঁন ব্রাদার্স” নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটির কার্যাদেশ পায়। কিন্তু উল্লেখিত রাস্তার কাজ না করেই পুরো টাকা উত্তোলনপূর্বক আত্মসাত্ করা হয়। ঘটনাটি ফাঁস হলে এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়েন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান খাঁন ব্রাদার্সের স্বত্বাধিকারী বাতেন আলম বলেন, কাজটি আমি করিনি। একজন ঠিকাদার আমার লাইসেন্স নিয়ে করেছে। যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী আর উপজেলা ইঞ্জিনিয়ার দায়ী। রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ তার মোবাইলে সাংবাদিকদের বলেন, আমি মোবাইলে কোন কথা বলবো না। অপরদিকে বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্টদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
