সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
বগুড়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বগুড়া বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় গতকাল বুধবার সকালে কোচ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ধুনট উপজেলার চরপাড়া গ্রামের জেল হকের ছেলে আলিমুদ্দিন (৪২) ও ঈশ্বরঘাট গ্রামের চান মিয়ার ছেলে সিএনজি চালক এনামুল হক (২৫)। আহত দুলাল হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর-কাতালিয়া সড়কে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শামিম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। নিহত শামিম উপজেলার অলিপুর গ্রামের সাদেক মিয়ার পুত্র। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী (বরিশাল) বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল¬া বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার দুপুরে ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের ব্যবসায়ী মো. জামাল সরদারের স্ত্রী বিলকিস বেগম (৩০) ও ছেলে ফেরদাউস (২)। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে। ফুলবাড়ি (দিনাজপুর) ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ি উপজেলার ভিমলপুর মোড়ে মির্জা জুট মিলের সামনে গত মঙ্গলবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ফিরোজ হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ হোসেন পার্বতীপুর উপজেলার দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।