সাত জনের অপমৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
দেশের বিভিন্ন স্থানের পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের উপজেলা সিংসেরহাটি গ্রামে গত মঙ্গলবার ফাঁস দিয়ে রহিমা বেগম (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নওগাঁ নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার রাতে সাপের কামড়ে শাহিদিনী বর্মন (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে নিমদীঘি গ্রামের মৃত চলিত চন্দ্র বর্মনের স্ত্রী। শাহিদিনী বর্মনকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়ার পর কবিরাজ ডেকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অবস্থার অবনতি ঘটতে থাকলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৌলভীবাজার মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমির বিরোধে প্রতিপক্ষের আঘাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকালে আব্দুল গফুর নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ জমি দখল করতে গেলে জমির মালিক আব্দুল গফুর বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করলে গুরুতর আহত হন। পরে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার তার মৃত্যু হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দিনাজপুর দিনাজপুর সদর উপজেলার দপ্তরীপাড়ায় গত মঙ্গলবার সকালে পুনর্ভবা নদীতে পানিতে ডুবে বাবু মোহাম্মদের শিশুপুত্র হাসান (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কাঁঠালিয়া (ঝালকাঠি) কাঠালিয়ায় কচুয়া গ্রামে গত মঙ্গলবার পুকুরে পড়ে টেম্পু চালক বাদল খানের পুত্র জিসান হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেনপুরে আব্দুল কাদেরের পুত্র সাদেকুল ইসলাম (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পার্বতীপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। পলাশ (নরসিংদী) ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে সোলায়মান (১৭) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। গায়ের শার্ট গাছের ডালের সাথে বেঁধে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।